
বারুইপুর, ১১ সেপ্টেম্বর (হি.স.): বারুইপুরের উত্তরভাগের লালপোল এলাকায় তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির নিচের অংশের বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটেছে। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই বাড়িতে বিপুল পরিমাণে বোমা মজুত করা হয়েছিল। তাঁদের আরও দাবি, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে নানা ধরনের অনৈতিক কার্যকলাপ চলত। বিজেপি কর্মীদের উপর হামলার উদ্দেশ্যেই সেখানে বোমা মজুত করা হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
তবে স্থানীয়দের এই সমস্ত অভিযোগের কোনও প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। বিস্ফোরণটি কীভাবে ঘটল এবং বাড়ির ভিতরে কোনও বিস্ফোরক মজুত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হতে পারে। পুলিশি তদন্তের পরই বিস্ফোরণের প্রকৃত কারণ স্পষ্ট হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়