
কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স.) : চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই রাজ্য জুড়ে চটকল শ্রমিকদের পুজো বোনাস মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। একইসঙ্গে দুর্গাপূজার ছুটির পর চটকল শ্রমিকদের মজুরি-চুক্তি এবং ভবিষ্যৎ বছরের বোনাস নিয়ে বিস্তারিত আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি। রাজ্যের পাট শিল্পের বর্তমান সংকট কাটাতে ও কারখানাগুলিকে সচল রাখতে শুক্রবার নব মহাকরণে শ্রম দফতরের পক্ষ থেকে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।
অনলাইন এই ভার্চুয়াল বৈঠকে ২৩টি কেন্দ্রীয় ও রাজ্যস্তরের ট্রেড ইউনিয়ন, জুট কমিশনারের দফতর (জেসিও), ইন্ডিয়ান জুট কর্পোরেশন (জেসিআই), ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন (ইজমা) এবং বিভিন্ন চটকলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমমন্ত্রী স্পষ্ট জানান, দুর্গাপূজার আগেই যাতে সব শ্রমিক তাঁদের প্রাপ্য বোনাস হাতে পান, তা মিল মালিকদের সুনিশ্চিত করতে হবে। দুর্গাপূজার ছুটির পর চটকল শিল্পের নতুন চুক্তি, মজুরি বৃদ্ধি এবং শ্রমিকদের দীর্ঘদিন ধরে অমীমাংসিত বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিশদ আলোচনা করা হবে বলে তিনি জানান। পাশাপাশি মিলগুলি সচল রাখতে ট্রেড ইউনিয়নগুলির পূর্ণ সহযোগিতা কামনা করেন তিনি।
পাট শিল্পের সামগ্রিক সমস্যা সমাধানের জন্য জুট কমিশনারের দফতর ও ইন্ডিয়ান জুট কর্পোরেশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর জোর দেন মন্ত্রী। তিনি প্রস্তাব দেন, কেন্দ্র সরকার পাট শিল্প সংক্রান্ত যে সমস্ত সিদ্ধান্ত নেবে, তাতে রাজ্য সরকারের শ্রম দফতরের একজন উচ্চপদস্থ আধিকারিককেও যুক্ত করতে হবে।
প্রয়োজনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকে একটি প্রতিনিধিদল পাঠানো এবং কৃষক, চটকল শ্রমিক, মিলমালিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে একটি ছোট 'কার্যকরী গোষ্ঠী' (ওয়ার্কিং গ্রুপ) গঠনের ঘোষণাও করেন মন্ত্রী। রাজ্যের প্রতিটি চটকল যাতে পূর্ণ ক্ষমতায় চলতে পারে, সেটাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি। শ্রমমন্ত্রীর এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বৈঠকে উপস্থিত বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শিল্পমহলের প্রতিনিধিরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত