
মুম্বই, ১১ সেপ্টেম্বর (হি.স.) : সিনেমার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা, সংবেদনশীলতা ও পশুকল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়া ব্যক্তিত্বদের সম্মান জানাতে আয়োজন করা হচ্ছে ‘সিনে কাইন্ড অ্যাওয়ার্ডস-২০২৬’। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া এবং পিপল ফর অ্যানিম্যালসের সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগে মানবিকতা, সংবেদনশীলতা ও পশুকল্যাণের ক্ষেত্রে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানানো হবে।
এ বছর সম্মানিতদের তালিকায় রয়েছেন অনন্ত আম্বানি, জন আব্রাহাম, রবীনা ট্যান্ডন, ওয়ামিকা গব্বি, কল্যাণ বর্মা, অমিত রায় এবং রাজন শাহী। এছাড়াও রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখকেও সম্মান জানানো হবে।
‘সিনে কাইন্ড অ্যাওয়ার্ডস’-এর মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, সাংবাদিক, উদ্ভাবনের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং সমাজে তৃণমূল স্তরে পরিবর্তনের জন্য কাজ করা মানুষদের সম্মানিত করা হবে। আয়োজকদের বক্তব্য, সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন এবং সংবেদনশীলতার বার্তা পৌঁছে দেওয়ারও গুরুত্বপূর্ণ মাধ্যম।
এই উদ্যোগের আওতায় পশুকল্যাণ ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করে চলা বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগতভাবে অবদান রাখা মানুষদেরও সম্মানিত করা হবে।
ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ভারতীয় চলচ্চিত্র শিল্পের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। অন্যদিকে, পিপল ফর অ্যানিম্যালস পশু উদ্ধার, পুনর্বাসন, সচেতনতা এবং পশু অধিকার নিয়ে কাজ করে। সিনেমা, সংস্কৃতি ও সামাজিক দায়িত্বের মধ্যে যোগসূত্র আরও শক্তিশালী করাই দুই সংস্থার অন্যতম লক্ষ্য।
‘সিনে কাইন্ড’-এর জুরি বোর্ডে রয়েছেন সোনু সুদ, হেমা মালিনী, জিনাত আমন, সোনাক্ষী সিনহা এবং শ্রিয়া সরনের মতো তারকারা। আয়োজকদের মতে, নিজেদের প্রভাব ও কাজের মাধ্যমে সমাজকে আরও মানবিক ও সংবেদনশীল করে তুলতে যাঁরা অবদান রাখছেন, তাঁদের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস