
কলকাতা, ১২ সেপ্টেম্বর(হি. স.) : পশ্চিমঘাট পর্বতমালায় মাটির নীচে বসবাসকারী নতুন এক প্রজাতির উভচর প্রাণীর সন্ধান পাওয়া গেছে, যা বিজ্ঞানের জগতে নতুন ইতিহাস ও রেকর্ড তৈরি করেছে। পা-হীন এই বিশেষ প্রাণীটি ‘ক্যাসিলিয়ান’ নামে পরিচিত। মহারাষ্ট্রের উত্তর পশ্চিমঘাটের চন্দ্রগড়ের বুজাওয়াড়ে এলাকায় এই নতুন প্রজাতিটির সন্ধান পান একদল গবেষক। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই) পুনের ডব্লিউআরসি, হালকারনির যশবন্তরাও চহ্বাণ মহাবিদ্যালয়, সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয় এবং গোয়ার মাহাদেই রিসার্চ সেন্টারের যৌথ দল এই আবিষ্কার সম্পন্ন করেছে।শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গবেষক দলটি বিস্তারিত জানিয়ে প্রকাশ করে যে, নতুন প্রজাতিটির নামকরণ করা হয়েছে 'গেগেনিওফিস চন্দ্রগড়ি' (Gegeneophis chandgadi)। চন্দ্রগড় ও সংলগ্ন এলাকার স্থানীয় মারাঠি কথ্যরীতি ‘চন্দ্রগড়ি’-র প্রতি সম্মান জানিয়েই এই নাম রাখা হয়েছে। গবেষকদের মতে, প্রজাতিটি কেবল সংরক্ষিত বনাঞ্চলেই নয়, মানুষের বসতি ও কৃষিজমির মাটিতেও টিকে থাকতে সক্ষম। এর ফলে পশ্চিমঘাট পর্বতমালার মাটির নীচের জীববৈচিত্র্যের মানচিত্র তৈরির গুরুত্ব বহুগুণ বেড়ে গেল।গবেষণাপত্রে আরও জানানো হয়েছে যে, আণবিক তথ্য এবং শারীরিক গঠন ও বিভিন্ন পরিমিত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে প্রজাতিটির স্বাতন্ত্র্য নিশ্চিত করা হয়েছে। মাটির কেঁচো বা অন্ধ সাপের সঙ্গে রূপগত মিল থাকার কারণে এ ধরনের প্রাণী সহজেই সাধারণের নজর এড়িয়ে যায়।উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৪১ শতাংশ উভচর প্রজাতি বিলুপ্তির আশঙ্কায় রয়েছে। ভারতে মোট ৪৫৮টি উভচর প্রজাতির মধ্যে ৪১টি ক্যাসিলিয়ান প্রজাতির অন্তর্ভুক্ত। নতুন এই প্রজাতিটি আবিষ্কৃত হওয়ায় ভারতে 'গেগেনিওফিস' (Gegeneophis) গণের প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়াল ১২টিতে, যার মধ্যে ১১টি প্রজাতিই পশ্চিমঘাট পর্বতমালার স্থানীয় বা নিজস্ব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত