
আরামবাগ , ১৩ সেপ্টেম্বর (হি.স.):
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দুতলা মাটির বাড়ি, অল্পের জন্য রক্ষা পরিবারের সদস্যরা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি দুতলা মাটির বাড়ি। ঘটনাকে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের সুবীরচক এলাকায়। আচমকা বাড়িটির একাংশ ভেঙে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পুরনো মাটির বাড়িটিতে পরিবারের সদস্যরা বসবাস করতেন। বেশ কিছুদিন ধরেই বাড়িটির বিভিন্ন অংশে ফাটল ও দুর্বলতার লক্ষণ দেখা যাচ্ছিল বলে দাবি স্থানীয়দের। এর মধ্যেই হঠাৎ বিকট শব্দে বাড়িটির একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ধ্বংসস্তূপের নিচে চলে যায়। আতঙ্কে পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে দেন। তবে ঘটনায় কেউ হতাহত না হওয়ায় স্বস্তি মিলেছে।
অভিযোগ, বাড়িটি ভেঙে পড়ার পরেও প্রশাসনের কোনও আধিকারিককে ঘটনাস্থলে দেখা যায়নি। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে প্রশাসন কবে দাঁড়াবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA