
হুগলি , ১৩ সেপ্টেম্বর (হি.স.): খানাকুল বিধানসভার অন্তর্গত কাষ্ঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচিতে যোগ দেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের বার্তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে বিধায়ক সুশান্ত ঘোষ বৃক্ষরোপণ করেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উপরও গুরুত্ব দেন বিধায়ক।
কাষ্ঠ ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সুশান্ত ঘোষ বলেন, পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে সমিতির সদস্যদের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA