
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
উল্লেখ্য, হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন তিনি। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি লেখক, নামী ঔপন্যাসিক ও গল্পকার। দক্ষিণ এশিয়া তথা বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হিসেবে তিনি পরিগণিত। যদিও লেখালেখির ক্ষেত্রে তিনি ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে তাঁর গুরু হিসেবে মানতেন। তাঁর অসংখ্য উপন্যাস ভারতের বিভিন্ন প্রধান ভাষায় অনূদিত হয়েছে।
তাঁর কালজয়ী রচনাগুলো চিরকাল বাঙালি তথা দেশবাসীর মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে। 'বড়দিদি', 'পরিণীতা', 'পল্লীসমাজ', 'দেবদাস', 'চরিত্রহীন', 'শ্রীকান্ত', 'দত্তা', 'গৃহদাহ', 'পথের দাবী', 'শেষ প্রশ্ন' প্রভৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি এক অপ্রতিরোধ্য ও অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্ব। তাঁর এই বিপুল জনপ্রিয়তার জন্যই তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাতির শীর্ষে বিরাজমান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত