
গোসাবা, ১৫ সেপ্টেম্বর (হি. স.): গোপনসূত্রে খবর পেয়ে গোসাবা থানার পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর বেআইনি দেশি মদ উদ্ধার করল। গোসাবার বালি দ্বীপের আমলামেথি গ্রামের ঘটনা। ঘটনায় অভিযুক্ত নীহার মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে নিহারের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে মোট ১২৩ বোতল দেশি মদ মিলেছে। মোট প্রায় ৭৪ লিটার মদ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মদ বেআইনি ভাবে এলাকায় বিক্রির জন্যই অভিযুক্ত মজুদ করেছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই বেআইনি কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না সেটাও খতিয়ে দেখছে গোসাবা থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা