
কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে নির্বাচন কমিশনের তরফে এক বার্তার মাধ্যমে নাগরিকদের সদা জাগ্রত থাকার বার্তা পুনর্ব্যক্ত করা হয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি কণ্ঠ যখন কথা বলে ওঠে, তখনই গণতন্ত্রের সার্থকতা। এগিয়ে আসুন, আগামীর সোনালী আলোয় নিজের স্বাক্ষর রেখে চলুন।
উল্লেখ্য, প্রতি বছর ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। বিশ্বজুড়ে গণতন্ত্রের নীতি প্রচার ও সুসংহত করার উদ্দেশ্যে ২০০৭ সালে জাতিসংঘ এই দিনটি ঘোষণা করে। এই দিবসের মূল গুরুত্ব হলো মানবাধিকার রক্ষা করা, কারণ গণতন্ত্র এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত