দুর্গাপুরের নামী বেকারিতে পচা পিৎজা বিক্রি! দোকান বন্ধ করল পুলিশ
দুর্গাপুর, ১৫ সেপ্টেম্বর (হি. স.): রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘খাদ্য সুরক্ষা’-এর কড়া নজরদারি। তার মাঝেই এবার দুর্গাপুরের বেনাচিতি বাজারের স্টিল মার্কেটে এক খ্যাতনামা বেকারির দোকানে পচা খাবার বিক্রির অভিযোগ উঠল। সোমবার রাতে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়া
দুর্গাপুরের নামী বেকারিতে পচা পিৎজা বিক্রি! দোকান বন্ধ করল পুলিশ


দুর্গাপুর, ১৫ সেপ্টেম্বর (হি. স.): রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘খাদ্য সুরক্ষা’-এর কড়া নজরদারি। তার মাঝেই এবার দুর্গাপুরের বেনাচিতি বাজারের স্টিল মার্কেটে এক খ্যাতনামা বেকারির দোকানে পচা খাবার বিক্রির অভিযোগ উঠল। সোমবার রাতে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল।

মঙ্গলবার ঘটনার অভিযোগে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় নেতাজি কলোনির বাসিন্দা লাল্টু দাস ওই নামী দোকান থেকে ৬৫ টাকা দিয়ে একটি চিকেন পিৎজা কেনেন। দোকান থেকে তা গরম করে প্যাক করে দেওয়া হয়। বাড়ি ফিরে তাঁর তিন বছরের মেয়ে পিৎজাটির কিছুটা অংশ খাওয়ার পর তখনই খাবারটি থেকে তীব্র পচা গন্ধ পান তিনি। খাবার অযোগ্য ওই পিৎজা বিক্রির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে তিনি। এবং সরাসরি এ-জোন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দোকানে কর্মরত কর্মীরাও পিৎজা থেকে পচা গন্ধ বেরোনোর কথা স্বীকার করে নেন। তবে তাঁদের দাবি, বাসি খাবার তাঁরা বিক্রি করেন না, উদ্বৃত্ত খাবার ফেরত পাঠানো হয়। এক্ষেত্রে হয়তো কোনওভাবে ভুল হয়ে গেছে। যদিও পুলিশ সেই মুহুর্তে দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। এবং খাবারের নমুনা সংগ্রহ করেন খদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা।

বর্তমানে জেলা জুড়ে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য দফতরের বিশেষ অভিযান চলাকালীন দুর্গাপুরের এই বহু পুরনো ও বিশ্বস্ত ব্র্যান্ডের দোকানে এমন অস্বাস্থ্যকর খাবার মেলায় শহরবাসীর মনে গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande