চিত্র সাংবাদিকদের কাজ সমাজের দর্পণ, ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন : মেয়র
আগরতলা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : সাংবাদিকরা জীবন-জীবিকার ঝুঁকি নিয়েই সমাজ গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত ও বাস্তব চিত্র তুলে ধরে তাঁরা জনগণের সামনে সত্যকে প্রকাশ করেন। বিশেষ করে চিত্র সাংবাদিকদের কাজ অত্যন্
মেয়র দীপক মজুমদার


আগরতলা, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : সাংবাদিকরা জীবন-জীবিকার ঝুঁকি নিয়েই সমাজ গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত ও বাস্তব চিত্র তুলে ধরে তাঁরা জনগণের সামনে সত্যকে প্রকাশ করেন। বিশেষ করে চিত্র সাংবাদিকদের কাজ অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। অনেক প্রতিকূলতার মধ্যেও তাঁরা দায়িত্ব পালন করে চলেছেন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

এদিন আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সংগঠনের নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে, লংতরাই স্পাইসি ইন্ডাস্ট্রির কর্ণধার রতন দেবনাথ, ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদকসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দীপক মজুমদার বলেন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে চিত্র সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন চিত্র সাংবাদিককে অনেক সময় ঘটনাস্থলের একেবারে সামনে থেকে কাজ করতে হয়। ফলে অন্যান্য সাংবাদিকদের তুলনায় তাঁদের কাজের ক্ষেত্রে ঝুঁকিও অনেক বেশি থাকে।

তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় চিত্র সাংবাদিকদের জীবন ও জীবিকার উপর আঘাত আসে। রাজনৈতিক দল, প্রশাসন কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁদের। তারপরও সাংবাদিকরা পিছিয়ে না গিয়ে সঠিক তথ্য ও সংবাদ জনগণের সামনে তুলে ধরেন। এই দায়িত্বশীল ভূমিকার জন্য সাংবাদিকদের প্রশংসা করেন তিনি।

মেয়র বলেন, একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে। একটি মুহূর্তের ছবি একটি ঘটনা, একটি সময় এবং সমাজের বাস্তব চিত্রকে মানুষের সামনে তুলে ধরতে পারে। তাই সংবাদ পরিবেশনে চিত্র সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করেন না, তাঁরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত সংগ্রহ করেন এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার মাধ্যমে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আগে কী ধরনের সুযোগ-সুবিধা ছিল এবং বর্তমানে কী ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, তা সকলেরই জানা। বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার ও সম্পাদক রমাকান্ত দে-সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন। তাঁরা সাংবাদিকতার ক্ষেত্রে চিত্র সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং পেশাগত দায়িত্ব পালনে তাঁদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন।

এদিন অনুষ্ঠানে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ১০ জন চিত্র সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। একই সঙ্গে এদিন ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নতুন লোগো উন্মোচন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, উন্মোচিত এই লোগো আগামী দিনে সংগঠনের সদস্য চিত্র সাংবাদিকদের প্রেস স্টিকার হিসেবেও ব্যবহার করা হবে। এর মাধ্যমে সংগঠনের সদস্যদের পরিচিতি আরও সুস্পষ্ট হবে এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সংগঠনের একটি স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠিত হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande