
সুলতানপুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে উত্তর প্রদেশের সুলতানপুরের এমপি-এমএলএ আদালতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলার শুনানি বুধবার পিছিয়ে গেল। মামলার অভিযোগকারী বিজেপি নেতা বিজয় মিশ্রের আইনজীবী সন্তোষ পাণ্ডে আদালতের কাছে সওয়ালের প্রস্তুতির জন্য আরও সময় চান। তিনি জানান, ধর্মীয় অনুষ্ঠানে ব্যস্ত থাকায় তিনি প্রস্তুতি নিতে পারেননি।
রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর আইনজীবী কাশী শুক্লা বুধবার জানান, এমপি-এমএলএ বিশেষ আদালতের ম্যাজিস্ট্রেট শুভম বর্মা সন্তোষ পাণ্ডেকে সতর্ক করে সওয়ালের জন্য শেষ সুযোগ দিয়েছেন। এখন মামলার পরবর্তী শুনানি হবে ২১ সেপ্টেম্বর।
এর আগে বিজেপি নেতা বিজয় মিশ্র রাহুল গান্ধীর ভয়েস স্যাম্পলের সঙ্গে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নমুনা মিলিয়ে দেখার জন্য আবেদন করেছিলেন। ট্রায়াল কোর্ট এবং সেশন কোর্ট—দুই আদালতই সেই আবেদন খারিজ করে দেয়। এরপর বিজয় মিশ্র ওই আদেশকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেন। হাইকোর্টও তাঁর আবেদন খারিজ করে দেয়। মামলার আগের শুনানি হয়েছিল ৩ সেপ্টেম্বর। সেদিন অভিযোগকারী বিজেপি নেতার আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, ১ সেপ্টেম্বর এই মামলায় হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে বেঙ্গালুরুর একটি সভায় বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি তথা বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এই ঘটনাকে কেন্দ্র করে ৪ আগস্ট ২০১৮ জেলা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা বিজয় মিশ্র রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
এই মামলায় ২৭ নভেম্বর ২০২৩ রাহুল গান্ধীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। এরপর ২০ ফেব্রুয়ারি ২০২৪ আদালতে হাজির হয়ে জামিন নেন রাহুল গান্ধী। তিনি ২৫-২৪ হাজার টাকার দুটি মুচলেকা জমা দিয়েছিলেন।
রাহুল গান্ধী ২৬ জুলাই ২০২৪ নিজের বক্তব্য নথিভুক্ত করিয়েছিলেন। এর আগে ২০ ফেব্রুয়ারিও তিনি আদালতে হাজির হয়েছিলেন এবং তাঁর বক্তব্য নথিভুক্ত করা হয়েছিল। এরপর অভিযোগকারী বিজয় মিশ্র রাহুল গান্ধীর ভয়েস স্যাম্পল মিলিয়ে দেখার জন্য আবেদন করেন। ট্রায়াল কোর্ট ২ মে সেই আবেদন খারিজ করে দেয়। এর বিরুদ্ধে সেশন কোর্টে করা আবেদনও ১৫ জুলাই খারিজ হয়ে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য