
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং সরকার প্রধান হিসেবে তাঁর ২৫ বছর পূর্ণ হওয়ার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি ও এনডিএ জোট। মঙ্গলবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তবে এবারের জন্মদিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর ঠিক ২০ দিন পর— আগামী ৭ অক্টোবর— সরকার প্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্ণ করতে চলেছেন তিনি। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই দীর্ঘ যাত্রা ভারতের রাজনীতিতে যেমন প্রভাব ফেলেছে, তেমনই দেশের সামগ্রিক উন্নয়ন ও আন্তর্জাতিক স্তরে ভারতের মর্যাদাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশনায় ও নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষও ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে উল্লেখযোগ্য অবদান রাখবেন।
দেশজুড়ে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলা এই ‘সেবা সংকল্প অভিযান’-এ মোট ১২টি জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হবে। প্রতিরক্ষামন্ত্রী জানান, সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়িতে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হবে। তবে এটি সম্পূর্ণ ঐচ্ছিক— সরকারি সুবিধা পেয়ে যাঁরা আনন্দিত, তাঁরা স্বতঃস্ফূর্তভাবেই প্রধানমন্ত্রীর জন্মদিনে আলো জ্বালাবেন। এছাড়া পথনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন জনসেবামূলক কাজের পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি, স্বাধীনতার ৮০তম বর্ষে লালকেল্লার মঞ্চ থেকে হওয়া একটি ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে রাজনাথ সিং বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম স্বাধীনতা দিবসে ‘বন্দে মাতরম’-এর পুরো ছয়টি স্তবকই গাওয়া হয়েছে। এটি কেবল একটি জাতীয় গৌরব নয়, বরং জাতীয় গানের রচয়িতা বঙ্কিমচন্দ্রের জন্মভূমি তথা পশ্চিমবঙ্গের প্রতি এক পরম সম্মান প্রদর্শন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ