
মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি.স.): ফের পুরো টিম নিয়ে দর্শকদের হাসাতে প্রস্তুত কপিল শর্মা। জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম সিজনের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। একইসঙ্গে নতুন সিজনের স্ট্রিমিংয়ের তারিখও জানানো হয়েছে। এবার শোয়ের থিম রাখা হয়েছে ‘হাসি কা ত্যো-হাহা-হার’। উৎসবের আমেজের সঙ্গে থাকছে হাসি-ঠাট্টা ও পারিবারিক বিনোদনের আয়োজন।
নতুন সিজনের একটি মজার প্রোমোও প্রকাশ করা হয়েছে। সেখানে দীপাবলি, বড়দিন-সহ বিভিন্ন উৎসবের আবহে হাসি-ঠাট্টার নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। আগের সিজনের মতো এবারও কৃষ্ণা অভিষেক, সুনীল গ্রোভার এবং কিকু শারদা তাঁদের জনপ্রিয় চরিত্র ও কৌতুকের মাধ্যমে দর্শকদের বিনোদন দেবেন। অন্যদিকে, অর্চনা পূরণ সিং এবং নভজ্যোৎ সিং সিধু ফের বিচারকের ভূমিকায় দেখা যাবেন।
তবে নতুন সিজনে কোন কোন তারকা অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন, তা এখনও প্রকাশ করেননি নির্মাতারা। পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি হাসির আমেজে দর্শকদের মাতিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম সিজন আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে। প্রতি শনিবার রাত ৮টায় নতুন এপিসোড দেখা যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস