
মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি.স.): অভিনেতা অমিত সাধ এবং অভিনেত্রী এষা দেওলকে এবার প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে ‘প্রতাপ’ ছবিতে। সাসপেন্স-থ্রিলার এই ছবির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের পাশাপাশি মুক্তির তারিখও ঘোষণা করেছেন নির্মাতারা। আগামী ২০ নভেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রতাপ’। সচিন সারাফের লেখা ও পরিচালনায় তৈরি এই ছবির প্রযোজনায় রয়েছেন প্রদীপ রংওয়ানি ও ইউভি ফিল্মস। ছবিতে এক অভিজ্ঞ এনকাউন্টার বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করেছেন অমিত সাধ।
প্রকাশিত পোস্টারে অমিত সাধকে অত্যন্ত গম্ভীর ও দৃঢ় চরিত্রে দেখা গিয়েছে। হাতে বন্দুক নিয়ে তাঁকে নিশানা করতে দেখা যাচ্ছে। অন্যদিকে, এষা দেওলের চরিত্রের লুক তুলনামূলকভাবে শান্ত রাখা হয়েছে। ছবিতে তিগ্মাংশু ধুলিয়া, মিলিন্দ গুণাজি এবং সীমা বিশ্বাসও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
‘প্রতাপ’-এর গল্প এক অভিজ্ঞ এনকাউন্টার বিশেষজ্ঞকে ঘিরে। একটি ঘটনার পর তাঁকে জেলে যেতে হয়। জেল থেকে বেরিয়ে আসার পর তাঁর অতীতের সঙ্গে জড়িয়ে থাকা একাধিক চাঞ্চল্যকর রহস্য সামনে আসে। এরপর রহস্য, উত্তেজনা এবং একের পর এক অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি।
নির্মাতাদের দাবি, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখবে এই সাসপেন্স-থ্রিলার।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস