
ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান গুজরাটের ভাদনগরে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঐতিহাসিক হাটকেশ্বর মহাদেব মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ২৫ বছরের নিরবচ্ছিন্ন জনপ্রতিনিধিত্ব ও সেবাকে উদযাপন করতে ভাদনগর থেকে বারাণসী পর্যন্ত এক বিশেষ 'সেবা সংকল্প অভিযান' বাইক র্যালির সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ভাদনগরে আয়োজিত অনুষ্ঠানে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর পৈতৃক গ্রাম তথা জন্মভূমিতে আসতে পারা আমার পরম সৌভাগ্য। এখান থেকে এবং বারাণসী থেকে মোট ৬০০ জন বাইকার—উভয় প্রান্ত থেকে ৩০০ জন করে—সাতটি রাজ্য ও বহু গ্রামের মধ্য দিয়ে যাত্রা শুরু করছেন। স্বাধীনতার পর ভারতের কোনও রাজনৈতিক নেতা টানা ২৫ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের এমন অনন্য নজির গড়তে পারেননি।
২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে যুবসমাজকে প্রধানমন্ত্রীর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ করেন, আগামী তিন প্রজন্ম ধরে যাতে যুবসমাজ 'দেশ সর্বাগ্রে' মন্ত্রে নিজেদের জীবন চালিত করতে পারে, তার রূপরেখা তৈরি করেছেন নরেন্দ্র মোদী। গত ২৫ বছরে তিনি একদিনের জন্যও ছুটি নেননি; প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে দেশসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে অমিত শাহ জানান, এই সময়ের মধ্যে প্রায় ২৫ কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। পাশাপাশি দেশের ৮০ কোটি মানুষকে আবাসন, বিদ্যুৎ, পরিশ্রুত পানীয় জল, মাথাপিছু ৫ কেজি বিনামূল্যে খাদ্যশস্য, ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা, শৌচালয় ও রান্নার গ্যাসের সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে।
জাতীয় নিরাপত্তা ও স্বচ্ছ প্রশাসনের ওপর জোর দিয়ে শাহ মন্তব্য করেন, জাতীয় নিরাপত্তা নীতি নিয়ে আগে যে অস্পষ্টতা ছিল, তা দূর করেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতির অবসান ঘটিয়ে তিনি দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি লালকেল্লার প্রাচীর থেকে নিজেকে ‘প্রধান সেবক’ ঘোষণা করে ভারতীয় সংবিধানের প্রকৃত গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রেখেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ