
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচির ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই আহ্বানে সাড়া দিয়ে উৎসবের আবহে সেজে উঠল কলকাতার ঐতিহ্যশালী ইডেন গার্ডেন্স। ঝলমলে আলোয় আলোকিত হলো ক্রিকেটের এই আইকনিক প্রাঙ্গণ।
উল্লেখ্য, বৃহস্পতিবার দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনকে বিশেষভাবে পালনের জন্য কেন্দ্রীয় সরকারের তরফেও এ নিয়ে দেশ জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সেই আবহে ‘আশীর্বাদের প্রদীপ’ মূল প্রচারের অংশ হিসেবে ইডেন গার্ডেন্সেও দেখা গেল আলোর বর্ণময় সাজসজ্জা। এদিন বৃষ্টিবিঘ্নিত পরিবেশেই সন্ধ্যা নামতেই আলোয় উদ্ভাসিত হয়ে উঠল ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম। বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটের নন্দন কানন বলে অভিহিত ইডেন গার্ডেন্সের সেই আলোকসজ্জার ছবি ও দৃশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় নজর কাড়ে।
কলকাতার ক্রিকেটপ্রেমীদের কাছে ইডেন গার্ডেন্স শুধুমাত্র একটি স্টেডিয়াম নয়, শহরের আবেগ ও ঐতিহ্যের অন্যতম প্রতীক। সেই ইডেনে এদিন আলোকমালায় সেজে ওঠা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনের সাক্ষী হিসেবে নজির গড়ল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচির সঙ্গে মূলত সংহতি জানিয়েই ইডেনের এই আলোকসজ্জা শহরের উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তুলেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত