
মুম্বই, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): বাগদানের প্রায় ছয় মাস পর নিজেদের সম্পর্ক ভেঙে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ এবং তাঁর বাগদত্তা আকৃতি আগরওয়াল। দুজনেই সমাজ মাধ্যমে বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করেন । তবে সম্পর্ক ভাঙার কোনো নির্দিষ্ট কারণ স্পষ্ট করেননি তাঁরা। এই সময়ে অনুরাগী এবং সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিয়ে কোনো ধরনের গুজব বা জল্পনা না ছড়ানোর আবেদন জানিয়েছেন তাঁরা।
সমাজ মাধ্যম ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়াল ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানান, ভবিষ্যতের ভিন্ন লক্ষ্য এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাঁরা উভয়েই পারস্পরিক সম্মতিতে আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উল্লেখ করেন, বিচ্ছেদ হলেও তাঁদের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অটুট রয়েছে। কিন্তু বাস্তবে তাঁদের জীবনের গন্তব্য এবং পথ এখন সম্পূর্ণ আলাদা। নিজেদের বর্তমান দায়িত্ব ও পরিস্থিতির কথা মাথায় রেখেই তাঁরা এই পদক্ষেপে বাধ্য হয়েছেন।
বিবৃতিতে আকৃতি নিজের পাশাপাশি পৃথ্বীর জন্য শান্তিময় ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন। তিনি অনুরাগী ও সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই বিচ্ছেদের কারণ নিয়ে কেউ যেন কোনো অমূলক অনুমান বা জল্পনা-কল্পনা না করেন। এটি তাঁদের দুজনের জন্যই এক অত্যন্ত কঠিন সময়, তাই সকলের উচিত তাঁদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান জানানো।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক