
মুম্বই, ১৭ সেপ্টেম্বর (হি.স.): টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমৎকার সাড়া ফেলল ভারতীয় চলচ্চিত্র 'ফুলন'। রিচি মেহতা পরিচালিত এই ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে স্পেশাল প্রেজেন্টেশন' বিভাগে। বুধবার আয়োজিত প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ২০০০-এরও বেশি দর্শক ।
চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় টরন্টোর বিখ্যাত 'প্রিন্সেস অফ ওয়েলসেস থিয়েটারে'। অনুষ্ঠান চলাকালীন রিচি মেহতা জানান, তিনি আনন্দিত কারণ ছবিটি দর্শকদের মনে ঠিক সেই প্রভাবই ফেলতে পেরেছে, যা তিনি আশা করেছিলেন। প্রিমিয়ারের পর আন্তর্জাতিক মহলেও ছবিটি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ।
দস্যু থেকে বিধায়ক হওয়া ফুলন দেবীর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি 'নামাহ পিকচার্স'-এর ব্যানারে। শারীন মন্ত্রী কেডিয়া, কিশোর অরোরা, কানওয়াল কোহলি এবং রিচি মেহতা মিলিতভাবে প্রযোজনা করেছেন। অ্যামাজন প্রাইম ভিডিওর এই অরিজিনাল ছবিটি মূলত 'আই, ফুলন দেবী: দ্য অটোবায়োগ্রাফি অফ ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন' বইটির ওপর ভিত্তি করে তৈরি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্নেহা কুমারী। টিআইএফএফ-এ ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এই হিন্দি অ্যাকশন-ড্রামা ছবিটি প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। তবে মুক্তির চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক