
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): লাল সাগর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে হামলার নিন্দা করে বলেছেন, সাধারণ মানুষ ও অর্থনৈতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করে। একই সঙ্গে বাব-আল-মন্দেব প্রণালীর পথে জাহাজ চলাচলের স্বাধীনতার জন্যও হুমকি তৈরি করছে।
শুক্রবার বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে জয়সওয়াল বলেন, “লাল সাগর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।” তিনি জানান, সৌদি আরবের সার্বভৌম ভূখণ্ডে হামলার নিন্দা জানিয়েছে ভারত। ওই হামলায় সাধারণ মানুষ ও অর্থনৈতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছিল।
মুখপাত্র বলেন, মক্কার পবিত্র শহরকে লক্ষ্য করে হামলার চেষ্টার পরও ভারত বিবৃতি জারি করেছিল। তাঁর কথায়, এই ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তাকেও দুর্বল করে।
তিনি বলেন, এই হামলা বাব-আল-মন্দেব প্রণালীর পথে নৌ-চলাচলের স্বাধীনতার জন্যও হুমকি তৈরি করছে। বিভিন্ন কারণে এই পরিস্থিতি ভারতের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জয়সওয়াল আশা প্রকাশ করেন, দ্রুত ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।
উল্লেখ্য, ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে প্রায় এক দশক ধরে চলা সংঘাত ২০২২ সালে রাষ্ট্রসংঘের মধ্যস্থতার পর কিছুটা শান্ত হয়েছিল। তবে গত সপ্তাহে হুথি বিদ্রোহীরা লাল সাগরের উপকূলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এর ফলে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় গোটা অঞ্চলে উদ্বেগ বেড়েছে। এর প্রভাব শুধু আরব দেশগুলির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব বাজারে তেলের দামেও এর প্রভাব পড়তে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য