
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বিজ্ঞান ভবনে ‘পরিবেশ ও জলবায়ু গতিশীলতার ভবিষ্যৎ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন। জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)-এর উদ্যোগে ১৯ ও ২০ সেপ্টেম্বর দু’দিনের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে শুক্রবার জানা গিয়েছে, সম্মেলনে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি পরিবেশগত শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপায় নিয়েও মতবিনিময় হবে। এতে সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাই কোর্টের বিচারপতি, জেলা আদালতের বিচারক, বিভিন্ন মন্ত্রকের সচিব ও শীর্ষ আধিকারিকদের পাশাপাশি পরিবেশ বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ অংশ নেবেন।
সম্মেলনে ১৭টি দেশের বিশিষ্ট বিচারপতি ও বিচার বিভাগের প্রতিনিধিরাও অংশ নেবেন। এছাড়া রাজ্য বিচারিক অ্যাকাডেমি, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ, রাজ্য বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটি (এসইএসি), রাজ্য পরিবেশ প্রভাব মূল্যায়ন কর্তৃপক্ষ (এসইআইএএ) এবং রাজ্য জলাভূমি কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
সম্মেলনে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের মধ্যে বিচারিক দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক জ্ঞান, পরিবেশগত শাসনব্যবস্থার প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময় করা হবে। একইসঙ্গে নীতি প্রণয়ন, তার বাস্তবায়ন ও প্রয়োগের ক্ষেত্রে থাকা ঘাটতি এবং পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে।
পরিবেশগত শাসনব্যবস্থাকে আরও কার্যকর করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের উপায় খুঁজে বের করাও এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য