
ইসলামাবাদ, ১৮ সেপ্টেম্বর (হি.স.): পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শুক্রবারের নমাজ চলাকালীন একটি মসজিদের কাছে জোরালো বিস্ফোরণ ঘটে। ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণের কাজও চালানো হয়। আহতদের মধ্যে কয়েকজন পুলিশকর্মীও রয়েছেন।
জানা গেছে , খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলার পুলিশ লাইন্স এলাকায় একটি মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে। জেলা সদর হাসপাতালের মেডিক্যাল সুপার তহির আলি শাহ জানান, বিস্ফোরণের পর হাসপাতালে ১৫টি দেহ এবং ৫০ জনের বেশি আহতকে আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবারের নমাজ চলাকালীন বিস্ফোরণটি ঘটে। এর জেরে মসজিদের বাইরে একটি গর্ত তৈরি হয়। আহতদের মধ্যে পুলিশকর্মীরাও রয়েছেন। বিস্ফোরণের পর পুলিশ লাইন্স এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণে মসজিদের বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি দেওয়ালও ভেঙে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসার জন্য অন্তত ২৫ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ জানিয়েছেন, বিস্ফোরণের আগে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পুরনো পুলিশ লাইন্সের গেটে ধাক্কা মারে। আইজিপি হামিদ বলেন, “গাড়িটি গেটে ধাক্কা মারে এবং তার পরেই বিস্ফোরণ ঘটে। একই সঙ্গে গুলি চালানোর ঘটনাও ঘটে।”
তিনি জানান, এটি আত্মঘাতী হামলা ছিল। গুলি চালানোর সময় স্পেশাল ব্রাঞ্চের ভবনেও আরও একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। আইজিপি হামিদ কোহাটের আঞ্চলিক পুলিশ আধিকারিকের কাছে ঘটনার রিপোর্ট চেয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য