এনটিএ দফতর পরিদর্শনের ইঙ্গিত সুপ্রিম কোর্টের নিট প্রশ্নপত্র ফাঁসের পর সংস্কার প্রক্রিয়া খতিয়ে দেখতে পারে শীর্ষ আদালত
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : নিট প্রশ্নপত্র ফাঁসের পর জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-র সংস্কার প্রক্রিয়ার উপর নজরদারি করছে সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, প্রয়োজনে নয়াদিল্লির মিন্টো রোডে অবস্থিত এনটিএ-র দফতর পরিদর্শন করে সংস্থার ক
এনটিএ দফতর পরিদর্শনের ইঙ্গিত সুপ্রিম কোর্টের নিট প্রশ্নপত্র ফাঁসের পর সংস্কার প্রক্রিয়া খতিয়ে দেখতে পারে শীর্ষ আদালত


নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : নিট প্রশ্নপত্র ফাঁসের পর জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-র সংস্কার প্রক্রিয়ার উপর নজরদারি করছে সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, প্রয়োজনে নয়াদিল্লির মিন্টো রোডে অবস্থিত এনটিএ-র দফতর পরিদর্শন করে সংস্থার কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখা হতে পারে।

বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এনটিএ-তে কাঠামোগত সংস্কারের দাবিতে দায়ের করা আবেদনের শুনানির সময় এই ইঙ্গিত দেয়। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট এই আবেদনগুলি দায়ের করেছে।

কেন্দ্রের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, নন্দন নীলেকণির নেতৃত্বাধীন নতুন উচ্চক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স, ড. কে. রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটির সুপারিশগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।

টাস্ক ফোর্সের রিপোর্ট এবং এখনও পর্যন্ত হওয়া অগ্রগতির বিষয়ে হলফনামার মাধ্যমে জানাতে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সময় চান তুষার মেহতা। এর পর বিচারপতি নরসিমহা পরামর্শ দেন, টাস্ক ফোর্সের কোনও সদস্যের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হোক। সেখানে সংস্কার সংক্রান্ত সুপারিশ এবং সেগুলি কার্যকর করার ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে, তার বিস্তারিত তথ্য থাকা উচিত। তিনি বলেন, সুপারিশগুলির অগ্রগতি এবং তার বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিচারপতি নরসিমহা জানতে চান, এনটিএ-র এখন নিজস্ব স্থায়ী কার্যালয় রয়েছে কি না। তুষার মেহতা জানান, মিন্টো রোডে এনটিএ-র স্থায়ী দফতর তৈরি হয়েছে। এর পর বিচারপতি নরসিমহা বলেন, বেঞ্চ একদিন সেখানে গিয়ে ব্যবস্থা, কাজকর্ম এবং কর্মীদের পরিস্থিতি সরেজমিনে দেখবে। সংস্থায় পর্যাপ্ত সংখ্যক স্থায়ী কর্মী থাকা উচিত এবং পুরো কর্মীসংখ্যা যেন অন্য দফতর থেকে প্রতিনিয়ুক্তির মাধ্যমে পূরণ করা না হয়, সেদিকেও নজর দিতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande