
কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের উপর অবস্থান করা নিম্নচাপ সরে গিয়ে বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। বুধবার আবহাওয়া দফতরের সূত্রে জানা গিয়েছে, আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। তবে নিম্নচাপ রেখা ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা কমবে এবং ৪ সেপ্টেম্বর আরও কমতে পারে।
উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১২০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ সরে যাওয়ায় সমুদ্র পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা না থাকায় মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা জারি করা হয়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়