
বক্সার, ২ সেপ্টেম্বর (হি.স.) : রাস্তায় পড়ে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু হল এক কৃষকের। বুধবার বিহারের বক্সার শহর থানার সিন্ডিকেট এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম ফুলেশ্বর যাদব (৬০)। তিনি বুধনপুরওয়া এলাকার ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ফুলেশ্বর যাদব। সেই সময় সিন্ডিকেট এলাকায় রাস্তায় পড়ে থাকা একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তিনি। তারটিতে বিদ্যুৎ প্রবাহিত থাকায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সিন্ডিকেট খালের কাছে মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ শুরু করেন। তাঁদের দাবি, মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং এলাকার বেহাল বিদ্যুৎ ব্যবস্থা দ্রুত সংস্কার করতে হবে। স্থানীয়দের অভিযোগ, জীর্ণ বিদ্যুতের তার ও পরিকাঠামোর কারণেই এলাকায় প্রায়শই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘক্ষণ আলোচনার পর মৃতের পরিবারকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
এলাকার পুরনো ও জীর্ণ বিদ্যুতের তার এবং খুঁটি দ্রুত বদলের পাশাপাশি গোটা এলাকার বিদ্যুৎ ব্যবস্থা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস