
পার্ষতি সিনহাঃ ক্যানিং, ২ সেপ্টেম্বর (হি. স.): স্কুলের জলের ট্যাঙ্কে মৃত পাখি পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ক্যানিংয়ে। ট্যাঙ্কের জল থেকে দুর্গন্ধ বের হওয়ার পাশাপাশি তার আশপাশে পোকামাকড় কিলবিল করছে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত পড়ুয়া ও অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গোলাডহরা কুসুমমণি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। বুধবার সেই জলের ট্যাঙ্ক পরিস্কার করে রান্না করা হলেও আতঙ্কে মিড ডে মিল খায় নি বহু পড়ুয়া।
অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের জলের ট্যাঙ্কটি খোলা অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি ওই ট্যাঙ্কের ভিতরে একটি পাখি মরে পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকেই জল থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। অভিযোগ, এই ট্যাঙ্কের জল পড়ুয়াদের পান করানো হয়েছে। এমনকি ওই জল ব্যবহার করে স্কুলের মিড ডে মিলের রান্নাও করা হত বলে দাবি অভিভাবকদের।
যদিও স্কুলের প্রধান শিক্ষক গোবিন্দ প্রসাদ মণ্ডল বলেন, “ ট্যাঙ্কের জল পড়ুয়াদের পান করার জন্য ব্যবহার করা হত না। শুধুমাত্র রান্নার কাজে ওই জল ব্যবহার করা হত। জল থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি নজরে আসার পর গত সোমবার থেকেই ওই জল রান্নার কাজে ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে।”
স্কুলের রান্নার দায়িত্বে থাকা কর্মীও জানিয়েছেন, দুর্গন্ধের কারণে গত সোমবার থেকে ট্যাঙ্কের জল দিয়ে রান্না করা হচ্ছে না। তবে পড়ুয়াদের মধ্যে বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার মিড ডে মিল খাওয়াতেও অনীহা দেখা যায়।
স্কুল সূত্রে খবর, বুধবার প্রায় ৬০ জন পড়ুয়া উপস্থিত থাকলেও মাত্র ১৫ জন মিড ডে মিলের রান্না করা খাবার খেয়েছে। বাকি পড়ুয়ারা জল নিয়ে আতঙ্কের কারণে খাবার খেতে চায়নি বলে দাবি রান্নার দায়িত্বে থাকা কর্মীর।
ঘটনায় স্কুলের জলাধার পরিষ্কার করে দ্রুত নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন অভিভাবকরা। পাশাপাশি, দীর্ঘদিন ধরে ট্যাঙ্কটি কীভাবে খোলা অবস্থায় ছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা