
হাফলং (অসম), ২ সেপ্টেম্বর (হি.স.): নিউহারাঙ্গাজাও স্টেশনের ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে মাটি স্থিতিশীল রাখার কাজে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। রেললাইনের লাইন ২-এর মাটি ঠিক রাখতে জিও-টেক্সটাইল বসানোর কাজ শুরু করা হয়েছে। মাটির ক্ষয় ও ধস রোধ করে রেললাইনের নিচের অংশকে আরও শক্ত ও স্থিতিশীল করতেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
বুধবার রেল সূত্রে জানা গিয়েছে, নিউহারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনের একটি অংশে মাটি বসে যাওয়ায় লাইন ১ ও ২ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই মাটির ভিতরে পাইলিং-সহ একাধিক প্রযুক্তিগত কাজ চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার লাইন ২-এর মাটির স্থায়িত্ব বাড়াতে জিও-টেক্সটাইল প্রয়োগ করা হয়।
জিও-টেক্সটাইল মূলত মাটির স্তরকে ধরে রাখা, জল নিষ্কাশনে সহায়তা করা এবং মাটির ক্ষয় ও স্থানচ্যুতি কমানোর কাজে ব্যবহার করা হয়। পাহাড়ি এলাকায় যেখানে মাটির স্থায়িত্ব নিয়ে সমস্যা থাকে, সেখানে এই প্রযুক্তি বিশেষভাবে কার্যকর বলে মনে করা হয়।
রেলপথের এই অংশটি পাহাড়ি ও ভূতাত্ত্বিকভাবে জটিল হওয়ায় মাটি স্থিতিশীল করার কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের লক্ষ্য, প্রয়োজনীয় মেরামতি ও মাটি শক্ত করার কাজ সম্পন্ন করে যত দ্রুত সম্ভব লাইন ২-কে ট্রেন চলাচলের উপযোগী করে তোলা।
লাইন ১ ও ২ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বর্তমানে ট্রেন চলাচলের ক্ষেত্রে লাইন ৩-এর উপর নির্ভরতা বেড়েছে। ফলে দুটি লাইন দ্রুত চালু করা গেলে নিউহারাঙ্গাজাও স্টেশনে ট্রেন পরিচালনা আরও স্বাভাবিক ও নিরাপদ হবে। জিও-টেক্সটাইল বসানোর কাজ শুরু হওয়াকে সেই লক্ষ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব