সাফল্যের ৮ বছরে আয়ুষ্মান ভারত প্রকল্পে ৬০ কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নত মানের ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ সাফল্যের সঙ্গে আট বছর পূর্ণ করল। এই বিশেষ মাইলফলকে বুধব
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): দেশের প্রতিটি নাগরিকের জন্য উন্নত মানের ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ সাফল্যের সঙ্গে আট বছর পূর্ণ করল। এই বিশেষ মাইলফলকে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ বার্তা দিয়ে প্রকল্পের অগ্রগতি ও সাফল্যের চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় জানান, ঠিক আট বছর আগে প্রত্যেক ভারতবাসীর দোরগোড়ায় মানসম্পন্ন চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প শুরু হয়েছিল। বর্তমানে দেশের ৬০ কোটিরও বেশি সুবিধাভোগী বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষার সুবিধা পাচ্ছেন। এর ফলে আয়ুষ্মান ভারত আজ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে পরিণত হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ব্যয়বহুল চিকিৎসার খরচ এক ধাক্কায় বহুলাংশে কমে যাওয়ায় দেশের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ আর্থিকভাবে রেকর্ড পরিমাণ সাশ্রয় করতে পেরেছেন। চিকিৎসা করাতে গিয়ে সাধারণ পরিবারগুলোকে যাতে ঋণের মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করেছে এই প্রকল্প।

তৃণমূল স্তরে প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিকাঠামো কতটা মজবুত হয়েছে, তার খতিয়ান দিয়ে প্রধানমন্ত্রী লেখেন, চিকিৎসা পরিষেবা এখন প্রতিটি মানুষের ঘরের কাছে পৌঁছে যাচ্ছে। দেশজুড়ে গড়ে ওঠা ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’-গুলোতে ইতিমধ্যেই ৫০০ কোটিরও বেশি বার মানুষ এসে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেছেন।

আট বছর পূর্তির এই ঐতিহাসিক ক্ষণে প্রকল্পের সমস্ত সুবিধাভোগী ও সংশ্লিষ্ট কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande