
গ্রেটার নয়ডা, ২৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য! বাসের চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাসের ইঞ্জিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এদিকে দায়ের হওয়া এফআইআরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যাত্রীদের অভিযোগ, বাসের ভিতর পোড়া গন্ধ পাওয়ার পর তাঁরা চালক ও খালাসিকে ধূমপান বন্ধ করতে বলেন। কিন্তু সেই আপত্তিতে কর্ণপাত না করে উল্টে যাত্রীদের দিকে তাকিয়ে হাসাহাসি করেন তাঁরা এবং যাত্রীদের চুপ থাকার হুমকি দেন। এর কিছুক্ষণের মধ্যেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে এবং এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
চিফ ফায়ার অফিসার প্রদীপ কুমার জানিয়েছেন, রাতে বাসটিতে হঠাৎ আগুন ধরে যাওয়ার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন ও উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে ২০ থেকে ২৫ জন যাত্রীকে অক্ষত অবস্থায় নিরাপদে বের করে আনা সম্ভব হয়। তবে আগুনের তীব্র ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং অগ্নিদগ্ধ হয়ে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত চালক ও কন্ডাক্টরকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ