
গ্রেটার নয়ডা, ২৪ সেপ্টেম্বর (হি.স.): চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন ৯ জন যাত্রী। তাঁদের মধ্যে ৮ জন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসটি। পুলিশ সূত্রে খবর, মধ্যরাতে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জেওয়ারের নিকটবর্তী দয়ানটপুর গ্রামে বাসটিতে আগুন ধরে যায়। সেই সময় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি বুঝতেই অনেকের বেশ কিছুটা সময় লেগে যায়। আগুনের লেলিহান শিখায় বাসটি পুড়ে যায়, এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জন যাত্রীর।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আগুন লাগার কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ