
কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স.) : টানা ভারী বৃষ্টির জেরে মুর্শিদাবাদে রেললাইনের একাংশ ধসে যাওয়ায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার সকালে নিউ ফারাক্কা জংশন থেকে হাওড়াগামী লাইনে ফারাক্কা ও তিলডাঙা স্টেশনের মাঝে রেললাইনে ধস নামার খবর মেলে। এর ফলে হাওড়াগামী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন আটকে পড়ে।
রেল সূত্রে জানা গিয়েছে, নিউ ফারাক্কা স্টেশনের কাছে ফারাক্কা ব্যারেজের প্রবেশপথে আপ লাইনের একটি অংশ ভারী বৃষ্টির কারণে ধসে যায়। টানা বৃষ্টির ফলে মাটি সরে গিয়ে রেললাইনের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়েই রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ শুরু করেন। রেলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালানো হচ্ছে।
পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে রেলের তরফে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ফারাক্কা স্টেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ডাউন লাইন ব্যবহার করে ট্রেন চালানো হচ্ছে, যাতে যাতায়াতের ওপর প্রভাব যথাসম্ভব কমানো যায়।
লাইন ধসে যাওয়ার কারণে পদাতিক এক্সপ্রেস, জোগবাণী এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং দার্জিলিং মেল-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের পরিষেবা প্রভাবিত হয়েছে। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ স্টেশনে বা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে।
রেলকর্মীরা ক্ষতিগ্রস্ত অংশের পরিস্থিতির ওপর টানা নজর রাখছেন। মেরামতির কাজ শেষ হলে এবং ট্র্যাক নিরাপদ বলে ঘোষিত হওয়ার পরেই এই রুটে ট্রেন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে। ভারী বৃষ্টির বিষয়টি মাথায় রেখে রেলের তরফে আশেপাশের অন্যান্য লাইনের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি