
পাটনা, ৩ সেপ্টেম্বর (হি.স.): পাটনা-সহ বিহারের আরও কয়েকটি জেলায় গঙ্গা নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে। এর ফলে নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গঙ্গার জলস্তর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সতর্কবার্তা জারি করেছে। বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে পাটনার গান্ধী ঘাট এবং শুক্রবার বিকেলে মোকামার হাতিদাহ এলাকায় নদীর জলস্তর সর্বোচ্চ বন্যা-সীমা অতিক্রম করতে পারে।
ভোজপুর, পাটনা, সারণ, বৈশালী, নালন্দা, বেগুসরাই, লখীসরাই এবং জাহানাবাদ জেলার নদী তীরবর্তী ও নিচু এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে এবং কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, তাদের নদী, ঘাট ও জলমগ্ন এলাকা থেকে দূরে থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশাবলি মেনে চলতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে মানুষ ‘স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার’-এর ১০৭০ নম্বরে যোগাযোগ করতে পারেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ