
শিল্প ও সংস্কৃতির মেলায় প্রকাশিত কেতকীপ্রসাদ রায়ের নতুন বই, উৎসর্গ কল্যাণ সেন বরাটকে
কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.):
শিল্প ও সংস্কৃতির এক বর্ণাঢ্য মিলনমঞ্চে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো একটি নতুন গ্রন্থ। সল্টলেকের ইজেডসিসি-র ঐক্যতান প্রেক্ষাগৃহে ১৭তম ‘শিল্পীমন উৎসব’ উপলক্ষে প্রকাশিত হয় লেখক ও সম্পাদক কেতকীপ্রসাদ রায়ের বিশেষ সঙ্গীত ও কাব্য আলেখ্য। বইটি উৎসর্গ করা হয়েছে বিশিষ্ট সঙ্গীতশিল্পী কল্যাণ সেন বরাটকে।
এ দিনের অনুষ্ঠানে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের একাধিক গুণী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উপস্থিত বিশিষ্টদের মধ্যে ছিলেন ড. পবিত্র সরকার, তপন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ সেন বরাট, কৃষ্ণা বসু, আশিস গিরি, সৈয়দ হাসমত জালাল, কাজল সুর, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, পিনাকী রায় চৌধুরী এবং শাকিল আহমেদ। শনিবার এই উৎসবের সার্বিক সভাপতিত্ব করেন কমল দে সিকদার ও ঋক রায়। অনুষ্ঠানটির সফল সঞ্চালনায় ছিলেন কবি সৌমিত বসু।
উল্লেখ্য, উৎসবের মঞ্চ থেকে বিভিন্ন প্রজন্মের শিল্পী ও সংস্কৃতিজনদের হাতে বিশেষ প্রকাশনা ও সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিল্প-সংস্কৃতির সংরক্ষণ, প্রসার এবং উদীয়মান প্রজন্মের মধ্যে নতুন করে সাংস্কৃতিক চেতনা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও বিস্তর আলোচনা করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিল্পী ও সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে মেলবন্ধনের একটি নতুন সেতু তৈরি করে। এর ফলে ভারতীয় শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধ বৈচিত্র্য ও ঐতিহ্য আরও বিস্তৃত পরিসরে সর্বসমক্ষে ছড়িয়ে পড়ার সুযোগ পায়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত