
মালদা, ৫ সেপ্টেম্বর (হি.স.): শনিবার মালদার ভূতনীর বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল এবং জেলা পুলিশ সুপার অনুপম সিং। এদিন তাঁরা ভূতনীর বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখেন এবং গঙ্গা ভাঙন ও বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে ভূতনীর কেশরপুরে গঙ্গার প্রবল জলস্রোতে পুরনো রিং বাঁধের পাশাপাশি নতুন তৈরি অস্থায়ী রিং বাঁধও ভেঙে যায়। এরপর হু হু করে গঙ্গার জল ঢুকে পড়ে ভূতনীর বিস্তীর্ণ এলাকায়। শনিবারও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। গঙ্গার জলে প্রায় ২০টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এদিন মন্ত্রী, বিধায়ক ও পুলিশ সুপার প্লাবিত এলাকাগুলি পরিদর্শনের পাশাপাশি দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন। বানভাসি মানুষের সমস্যার কথা শোনেন তাঁরা। পরে দুর্গত ও অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
দুর্গতদের সরকারি ত্রাণশিবিরে নিয়ে যাওয়ার পাশাপাশি তাঁদের কাছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাস দেন সেচ প্রতিমন্ত্রী ও স্থানীয় বিধায়ক। যেকোনও পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে থাকার বার্তাও দেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়