
কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) :মাদার টেরিজার মৃত্যুবার্ষিকীতে মিশনারিজ অব চ্যারিটিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা শহরেই অবস্থিত মাদার টেরিজার বাসস্থান বা 'মাদার হাউস'। সেখানে এই বিশেষ দিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই মূলত মিশনারিজ অব চ্যারিটিতে এক ঝটিকা সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মাদার হাউসে গিয়ে শনিবার তিনি বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সেই সঙ্গে মিশনারিজ অব চ্যারিটির সুপিরিয়র জেনারেল সিস্টার মেরি জোসেফ এম.সি.-র সঙ্গেও তাঁর একটি সাক্ষাৎকার হয়।দরিদ্র, অসহায় ও সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোই ছিল মাদার টেরিজার জীবনের মূল ব্রত। কলকাতাকে কর্মভূমি বানিয়ে তিনি মানবসেবার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও দেশ-বিদেশে সমানভাবে অনুপ্রেরণার উৎস। তাঁর প্রতিষ্ঠিত 'মিশনারিজ অব চ্যারিটি' আজও সেই আদর্শকে সামনে রেখে অসুস্থ, অনাথ, গৃহহীন এবং অসহায় মানুষদের সেবায় নিরলসভাবে নিয়োজিত রয়েছে।মাদার টেরিজার জীবন ও কর্মের কথা স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, তিনি অসংখ্য মানুষের জীবনে মমতা ও মর্যাদার স্পর্শ পৌঁছে দিয়েছিলেন। তাঁর জীবন আমাদের বারবার মনে করিয়ে দেয়—মানবিকতার ঊর্ধ্বে অন্য কোনো পরিচয় বা বিভাজন থাকতে পারে না; নিঃস্বার্থ সেবার মধ্য দিয়েই মানুষের প্রতি প্রকৃত দায়বদ্ধতা প্রকাশ পায়।প্রয়াণের এত বছর পরও মাদার টেরিজার সেই মানবসেবার বার্তা কলকাতার মাটিতে আজও সমভাবে প্রাসঙ্গিক।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত