
কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.):
শনিবার সপ্তাহান্তে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক অন্বেষা ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন।
দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বৃষ্টির সম্ভাবনা থাকবে।
মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ, কৃষ্ণনগর হয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকবে। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়তে পারে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়