
আগরতলা, ৫ সেপ্টেম্বর (হি.স.) : ত্রিপুরায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বামফ্রন্ট। পশ্চিম ত্রিপুরা, খোয়াই ও সিপাহীজলা জেলার ১৩টি ব্লকের অন্তর্গত ১৮৭টি ভিলেজ কমিটিতে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে বাধা দেওয়া হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে বামফ্রন্ট। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এবং অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।
শনিবার সিপিআই(এম)-এর নেতৃত্বাধীন বামফ্রন্টের পূর্বতন চারটি শরিক দল এবং সিপিআই(এমএল)-এর এক যৌথ প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করে। সেখানে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও দাবির বিষয় তুলে ধরা হয়।
ডেপুটেশন শেষে সিপিআই(এম) রাজ্য দফতরে যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে অভিযোগ করেন, রাজ্যে বর্তমানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ নেই। গত আট বছরে রাজ্যে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতেই বামফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে বিষয়গুলি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
মানিক দে-র অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীনই রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও রেলপথে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এর ফলে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে। এর পাশাপাশি পশ্চিম ত্রিপুরা, খোয়াই এবং সিপাহীজলা জেলার ১৩টি ব্লকের ১৮৭টি ভিলেজ কমিটিতে বাম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনের আধিকারিকের নজরে আনা হয়েছে বলে জানান বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক।
এদিন সাংবাদিক সম্মেলনে টিটিএডিসি এলাকায় সরকারি গাড়ির ব্যবহার নিয়েও সরব হন মানিক দে। তাঁর অভিযোগ, টিটিএএডিসি প্রশাসন এবং রাজ্য প্রশাসনের সরকারি গাড়ি নিয়ে আধিকারিকরা নির্বাচনী এলাকায় ছুটে বেড়াচ্ছেন। এমনকি মন্ত্রীরাও এর বাইরে নন বলে দাবি করেন তিনি। নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় সরকারি গাড়ির এ ধরনের ব্যবহার আচরণবিধি লঙ্ঘনের শামিল বলে দাবি করে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এদিকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্টের রাজনৈতিক অবস্থানও তুলে ধরেন মানিক দে। তাঁর দাবি, গ্রামীণ মানুষের জীবন-জীবিকা ও অধিকার সুনিশ্চিত করার ক্ষেত্রে একমাত্র বামফ্রন্টই কার্যকর ভূমিকা নিতে পারে। অন্যথায় গ্রামীণ এলাকায় দুর্নীতি ও লুটপাট অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট ক্ষমতায় এলে সরকারি অর্থ যাতে প্রকৃত অর্থে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন মানিক দে। টিটিএএডিসি এলাকার মানুষের সুখ-দুঃখে বামফ্রন্ট পাশে থাকবে এবং দুর্নীতিমুক্ত, উন্নয়নমুখী ও জনস্বার্থকেন্দ্রিক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে বলে তিনি জানান।
সাংবাদিক সম্মেলন থেকে আসন্ন নির্বাচনে বামপন্থী প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য গ্রামীণ জনগণের কাছে আবেদন জানান বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক। তাঁর বক্তব্য, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও অবাধ রাখতে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, সিপিআই(এম) এবং সিপিআই(এমএল)-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ