
নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি. স.) : ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন আগামী ৬ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অসাম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশ—উত্তর-পূর্ব ভারতের এই চার রাজ্যে চার দিনের সফরে থাকবেন। এই সময় তিনি বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও গণমুখী কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি ঐতিহাসিক, সামাজিক ও জাতীয় গুরুত্বপূর্ণ একাধিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
উপরাষ্ট্রপতি সচিবালয় শনিবার জানিয়েছে যে উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন ৬ সেপ্টেম্বর অসমের গুয়াহাটিতে পৌঁছাবেন। সেখানে তিনি গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন, যা পূর্বে কন্যা মহাবিদ্যালয় নামে পরিচিত ছিল। এর পর তিনি গুয়াহাটিতে অবস্থিত শ্রীমন্ত শংকরদেব ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (এসএসইউএইচএস)-এর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।
উপরাষ্ট্রপতি ৭ সেপ্টেম্বর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছাবেন, যেখানে সোসো থাম অডিটোরিয়ামে তাঁর সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
৮ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি মণিপুরের ইম্ফল সফর করবেন। তিনি মইরাং-এ অবস্থিত আইএনএ মিউজিয়াম ও ওয়ার মেমোরিয়াল এবং ইম্ফল সৈনিক স্কুল পরিদর্শন করবেন। এরপর তিনি অরুণাচল প্রদেশের ইটানগরের উদ্দেশ্যে রওনা হবেন।
সফরের শেষ দিন, ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি অরুণাচল প্রদেশ বিধানসভার বিশেষ অধিবেশনে অংশ নেবেন এবং বিধানসভা গ্যালারি-সহ-মিউজিয়াম ঘুরে দেখবেন। এছাড়া তিনি ইটানগরের ন্যেদার নামলো, জওহরলাল নেহরু রাজ্য সংগ্রহালয় এবং শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পরিচালিত ডনি পোলো মিশন স্কুলও পরিদর্শন করবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি