
নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): লেকচারার পদে নিয়োগের প্রক্রিয়ায় তফসিলি জাতির প্রার্থীদের সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে পঞ্জাবের মুখ্যসচিবকে নোটিস জারি করেছে জাতীয় তফসিলি জাতি কমিশন (এনসিএসসি)। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
শনিবার এক বিবৃতিতে এনসিএসসির চেয়ারম্যান কিশোর মাকওয়ানা জানান, পঞ্জাব শিক্ষা দফতরে লেকচারার নিয়োগে সংরক্ষণ নীতি কার্যকর না করার অভিযোগ নিয়ে রাজ্যসভার সাংসদ তরুণ চুঘের কাছ থেকে একটি আবেদন পেয়েছে কমিশন।
আবেদনে অভিযোগ করা হয়েছে, পঞ্জাব শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী ১,০১৩টি লেকচারার পদে নিয়োগের প্রক্রিয়ায় তফসিলি জাতির প্রার্থীদের সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। অভিযোগ, পঞ্জাবি, কমার্স, গণিত, পদার্থবিদ্যা, অর্থনীতি, রসায়ন, জীববিদ্যা ও ভূগোল-সহ একাধিক বিষয়ে সংরক্ষণ সংক্রান্ত নিয়ম এবং নির্ধারিত রোস্টার ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
ভারতীয় সংবিধানের ৩৩৮ অনুচ্ছেদে প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে কমিশন বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে পঞ্জাব সরকারের মুখ্যসচিবকে নোটিস দেওয়া হয়েছে। নোটিসে মামলার তথ্য, অভিযোগের ভিত্তিতে নেওয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সমস্ত নথি, যার মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি ও সংরক্ষণ রোস্টারও রয়েছে, নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে।
কমিশনের চেয়ারম্যান আরও স্পষ্ট করে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পাওয়া গেলে সংবিধানের ৩৩৮ অনুচ্ছেদের অধীনে দেওয়ানি আদালতের ক্ষমতা প্রয়োগ করে ব্যক্তিগত হাজিরার জন্য সমন জারি করা হতে পারে।
মাকওয়ানা বলেন, লেকচারার নিয়োগ প্রক্রিয়ায় তফসিলি জাতির প্রার্থীদের সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ অত্যন্ত গুরুতর। তফসিলি জাতির সাংবিধানিক অধিকার রক্ষা এবং সরকারি চাকরিতে সংরক্ষণের বিধান কঠোরভাবে কার্যকর করা নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য