
হায়দরাবাদ, ৮ সেপ্টেম্বর ( হি.স.): তেলেঙ্গানার হায়দরাবাদে আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘ফেমিনা মিস ইন্ডিয়া তেলেঙ্গানা–২০২৭’ । মিস ইন্ডিয়া অর্গানাইজেশন এবং মেঘা সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই আয়োজন তেলেঙ্গানার সৌন্দর্য, প্রতিভা ও সমৃদ্ধ সংস্কৃতিকে জাতীয় মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেমিনা মিস ইন্ডিয়া সাউথ–২০২৬ ইন্দাসু ফাল্গুনী এবং ফেমিনা মিস ইন্ডিয়া তেলেঙ্গানা–২০২৪ প্রকৃতি কম্বম । মিস ইন্ডিয়া অর্গানাইজেশন, ওয়ার্ল্ডওয়াইড মিডিয়া এবং টাইমস গ্রুপের একটি অংশ হিসেবে মেঘা সার্ভিসেসকে পরবর্তী তিন বছরের জন্য ফেমিনা মিস ইন্ডিয়া তেলেঙ্গানার এক্সক্লুসিভ স্টেট লাইসেন্সি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতা আয়োজন করা নয় বরং তেলেঙ্গানার ঐতিহ্য, শিল্প, হস্তচালিত তাঁতশিল্প, খাবার, উৎসব এবং আধুনিক জীবনযাত্রাকেও বিশ্বমঞ্চে তুলে ধরা। এই প্রতিভা অন্বেষণ কেবল হায়দরাবাদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে না, রাজ্যের বিভিন্ন শহর ও ছোট শহর থেকেও প্রতিভাদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নির্বাচিত প্রতিযোগীদের গ্রুমিং, মেন্টরশিপ সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
রাজ্যভিত্তিক অডিশন ২০২৬ সালের অক্টোবর এবং নভেম্বর মাসে বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে । ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ডিসেম্বরে। ইচ্ছুক প্রতিযোগীদের জন্য ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এই মঞ্চ থেকে নির্বাচিত প্রতিভারা মিস ইন্ডিয়ার পাশাপাশি ফ্যাশন, মডেলিং, বিনোদন, মিডিয়া ও লাইফস্টাইলের মতো ক্ষেত্রেও কাজের সুযোগ পাবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক