
কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.): দুর্গাপূজার ঠিক মুখে পশ্চিমবঙ্গে ফের একবার নির্বাচনী পারদ চড়তে শুরু করেছে। রাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগর—এই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আগামী ৬ অক্টোবর ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৯ অক্টোবর ফল প্রকাশ করা হবে। উপনির্বাচনের দিনক্ষণ সামনে আসতেই রাজনৈতিক মহলের সমস্ত নজর আটকে গেছে হাইভোল্টেজ নন্দীগ্রাম আসনের ওপর। বিশেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ছেড়ে দেওয়া এই কেন্দ্রে বিজেপি কাকে প্রার্থী হিসেবে ময়দানে নামায়, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম—উভয় আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়লাভ করেছিলেন। এর মধ্যে ভবানীপুর কেন্দ্রে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর নিয়ম অনুযায়ী এক পদে বহাল থেকে নন্দীগ্রাম আসনটি খালি করে দেন শুভেন্দু, যার ফলে সেখানে এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপনির্বাচনের সূচি ঘোষণার পর থেকেই বিজেপি প্রার্থীর নাম নিয়ে স্থানীয় স্তরে জোর চর্চা শুরু হয়েছে। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হিসেবে স্থানীয় নেতা অঞ্জন ভারতীর নাম সবচেয়ে সামনে আসছে। এমনকি তাঁর সমর্থনে এলাকায় দেওয়াল লিখনও শুরু হয়েছে বলে খবর। এ ছাড়া মেঘনাদ পালের নাম নিয়েও জল্পনা চলছে। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।
সোমবার বিজেপি রাজ্য কার্যালয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং রাজ্য প্রভারী সুনীল বনশলের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী দাবি করেন, ফলতা কেন্দ্রের রেকর্ড ব্যবধানে জয়ের রেকর্ডকেও এবার ছাপিয়ে যাবে নন্দীগ্রামের মানুষ। নিজেকে নন্দীগ্রামের ভোটার উল্লেখ করে তিনি বলেন, ওই কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। উল্লেখ্য, ফলতা উপনির্বাচনে বিজেপি ১ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেছিল।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে নন্দীগ্রামে সম্ভাব্য প্রার্থীর নাম এখনও স্পষ্ট নয়। তবে রাজনৈতিক সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে এই কেন্দ্রে প্রার্থী করা হতে পারে। তা হলে নন্দীগ্রামে ফের একবার জোরদার লড়াই দেখতে পাওয়া যাবে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ এবং ৯ অক্টোবর গণনা অনুষ্ঠিত হবে। ফলে দুর্গাপূজার আগেই নন্দীগ্রামে এক জমজমাট রাজনৈতিক লড়াই প্রত্যক্ষ করতে চলেছে রাজ্যবাসী।
হিন্দুস্থান সমাচার / সোনালি