
কলকাতা, ১ অক্টোবর (হি. স.) : পূর্ব রেলের উদ্যোগেই চলতি মাসের প্রথম দিনেই - ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি পালিত। বিভিন্ন ডিভিশন ও ওয়ার্কশপে পূর্ব রেলের ‘স্বচ্ছতা হি সেবা’ সম্পন্ন হয়। মূলতঃ পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন ডিভিশন, ওয়ার্কশপ, স্টেশন ও রেল আবাসনে ‘স্বচ্ছতা হি সেবা–২০২৬’ কর্মসূচি পালন করল পূর্ব রেল। হাওড়া স্টেশনে জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের উপস্থিতিতেই অভিযানের সূচনা হয়েছে ।
‘স্বচ্ছ পাঠশালা - যুবা ফর স্বচ্ছতা’ কর্মসূচিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি এবং চার স্তরে বর্জ্য পৃথকীকরণ নিয়ে ৪৬টি সচেতনতা কর্মসূচিতে প্রায় ৮৫০ জন পড়ুয়াকে যুক্ত করা হয়েছে। ‘স্বচ্ছতা জ্ঞান যাত্রা’-য় আরও ৬২৫ জন পড়ুয়াকে বর্জ্য জল শোধনাগার, বায়ো-টয়লেট প্ল্যান্ট, জল পুনর্ব্যবহার কেন্দ্র ও কোচ ওয়াশিং লাইনে নিয়ে যাওয়া হয়।
এছাড়াও ৩৩টি ‘স্বচ্ছতা এবং জল সঞ্চয় সংবাদ’, ২০টির বেশি পথনাটক এবং ২৩টি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ক্লিনলিনেস টার্গেট ইউনিটস’-এর আওতায় ৫,১০০টির লক্ষ্যের বদলে ৬,৫৩২টি ইউনিট চিহ্নিত করা হয়। পূর্ব রেলের ৫৮৭টি স্টেশন এবং ৬৭০টি ট্রেনে, মোট ৯,২৬৭টি কোচে চলে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
প্লাস্টিক পুনর্ব্যবহার, জলাশয় পরিষ্কার এবং সাফাই মিত্রদের স্বাস্থ্য পরীক্ষার মতো উদ্যোগও নেওয়া হয়। মোট ৯৬৬ জন সাফাই মিত্রের স্বাস্থ্য পরীক্ষা করে তাঁদের PPE কিট দেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির বক্তব্য, পরিচ্ছন্নতা শুধু অভিযান নয়, বরং সকলের যৌথ দায়িত্ব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত