
রেজিনগর, ১ অক্টোবর (হি.স.): রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে তাঁর অভিযোগ, রাজনৈতিক লড়াই, বিতর্ক ও সমালোচনা গণতন্ত্রের অংশ হলেও রাজনৈতিক প্রতিপক্ষের মৃত্যুকামনা করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
শুভেন্দু বলেন, হুমায়ুন কবীর প্রতি তাঁর বিমান দুর্ঘটনায় মৃত্যু কামনা করে প্রার্থনা করছেন বলে তিনি শুনেছেন। রাজনৈতিক প্রতিপক্ষ হলেও তিনি নিজে কখনও এমন ভাষা ব্যবহার করবেন না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই ধরনের আচরণের বিচার রেজিনগরের মানুষ ভোটের মাধ্যমে করবেন বলেও জানান তিনি।
হুমায়ুন কবীরের রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর দাবি, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে বিরোধের পর হুমায়ুন বিভিন্ন রাজনৈতিক দলে গিয়েছেন এবং পরে তৃণমূলে যোগ দিয়ে ধর্মীয় বিভাজনের রাজনীতি করেছেন। নওদার বিধায়ক হিসেবে পাঁচ মাসে উন্নয়নের কোনও উল্লেখযোগ্য কাজ হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এদিন রাজ্যের বিরোধী দলগুলির রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। তাঁর দাবি, বাম ও কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমেছে এবং তৃণমূলের মধ্যেও বিভাজন তৈরি হয়েছে।
পাশাপাশি রেজিনগরে স্বাস্থ্য পরিষেবা, আবাসন ও সামাজিক সুরক্ষা প্রকল্পের বিভিন্ন সুবিধার পরিসংখ্যান তুলে ধরে সরকারের উন্নয়নমূলক কাজের দাবি করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়