
জলপাইগুড়ি, ১০ অক্টোবর (হি.স.) :আসন্ন দুর্গোৎসব তথা পর্যটন মরসুমে ডুয়ার্স ভ্রমণ করতে আসা দেশবিদেশের পর্যটকদের জন্য এল বড় স্বস্তির খবর। আর এখন থেকে ডুয়ার্সে বেড়াতে এসে গাড়ি ভাড়া করার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের চক্রে পড়তে হবে না পর্যটকদের। পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দীর্ঘদিনের অভিযোগ দূর করা এবং একটি নির্দিষ্ট ও ন্যায্য ভাড়ায় ক্যাব বা গাড়ি উপলব্ধ করানোর উদ্দেশ্যে অবশেষে চালসায় একটি প্রিপেইড ট্যাক্সি বুথ চালু করা হলো। শনিবার ‘ডুয়ার্স উইল চালসা ট্যাক্সি স্ট্যান্ড’-এর উদ্যোগে চালসা-মেটেলি রাজ্য সড়কের পাদরিকুঠি এলাকায় আনুষ্ঠানিকভাবে এই নতুন প্রিপেইড ট্যাক্সি বুথের উদ্বোধন করা হয়।
মাটিয়ালি-বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্রি রসাইলী সরকার ফিতে কেটে এই প্রিপেইড বুথের শুভউদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপঙ্কর ধর এবং ববুয়া মুখার্জিসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের পর জানানো হয় যে, এই প্রিপেইড বুথের মাধ্যমে পর্যটকরা কোনো রকম দালালের সাহায্য ছাড়াই সম্পূর্ণ নির্ধারিত এবং ন্যায্য ভাড়ায় নিজেদের পছন্দমতো গাড়ি বুক করতে পারবেন। এর পাশাপাশি, গরুমারা জঙ্গল, মূর্তি নদী, ঝালং, বিন্দু এবং সামসিংয়ের মতো ডুয়ার্সের সমস্ত জনপ্রিয় ও দর্শনীয় পর্যটন কেন্দ্রগুলির সঠিক দূরত্ব ও ভাড়ার তালিকা সম্পর্কেও এখানে বিস্তারিত তথ্য জানতে পারবেন পর্যটকরা।
‘ডুয়ার্স উইল চালসা ট্যাক্সি স্ট্যান্ড’-এর সম্পাদক কমল মুখী সংবাদমাধ্যমকে জানান যে, পর্যটকরা যাতে কোনোভাবেই দালাল চক্রের ফাঁদে পড়ে অতিরিক্ত ভাড়া দেওয়ার সমস্যায় না পড়েন, তার জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই বুথ থেকে পর্যটকদের পর্যটন কেন্দ্রগুলির সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি উপযুক্ত ভাড়ায় নির্ভরযোগ্য গাড়ি সরবরাহ করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি