
নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার বলেছেন, কংগ্রেসের পরাজয়ের কারণ নির্বাচন কমিশন নয়, বরং দলের অবিবেচক নেতৃত্ব। পরাজয়ের দায় স্বীকার না করে কংগ্রেস সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর দোষ চাপাচ্ছে।
এ দিন বিজেপির সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি নিশানা করেন কংগ্রেসকে| কংগ্রেসের বিরুদ্ধে বারবার নির্বাচনী পরাজয়ের হতাশা থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলেন। শিবরাজ সিং চৌহান বলেন, কংগ্রেস বারবার নির্বাচনী পরাজয়ের পর রাস্তায় নেমে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে, এটাই তাদের রাজনৈতিক রীতিতে পরিণত হয়েছে। তিনি অসম, ত্রিপুরা, রাজস্থান এবং হিমাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করেন।
কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতা বলেন, দলটির অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে তারা নিজেদের ভুল স্বীকার করার পরিবর্তে অন্যদের দোষারোপ করছে। তিনি বলেন, নাচতে না জানলে উঠোন বাঁকা। এও বলেন, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দোষারোপ না করে কংগ্রেসের উচিত তাদের পরাজয়ের কারণগুলো খতিয়ে দেখা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ