
ডারবান, ১২ অক্টোবর (হি.স.) : স্টিভেন স্মিথের রেকর্ড গড়া ক্যাচ আর অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ডারবান টেস্টে ভালো জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২৮৪ রানে অল আউট করে ১০৬ রানের লিড পেয়েছে সফরকারীরা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৩ রান তুলে অস্ট্রেলিয়ায় এখন ১৩৯ রানে এগিয়ে।
তৃতীয় দিনে আলোচিত ঘটনা স্মিথের বিশ্বরেকর্ড। দক্ষিণ আফ্রিকার ইনিংসে চারটি ক্যাচ নিয়ে টেস্টে উইকেটকিপার ছাড়া ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচের মালিক হয়েছেন তিনি। তার ক্যাচ সংখ্যা এখন ২২৩, এরপরেই আছেন ইংল্যান্ডের জো রুট (২২০)।
দক্ষিণ আফ্রিকার হয়ে এইডেন মার্করাম ৩৭ ও ডেভিড বেডিংহ্যাম ৪৯ রান করেন। তবে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ট্রিস্টান স্টাবস ও ভিয়ান মুল্ডার ৫৬ রানের জুটি গড়লেও দু'জনকেই ফেরান অধিনায়ক প্যাট কামিন্স। শেষদিকে সাইমন হার্মারের অপরাজিত ৩৫ রানে ২৮০ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন কামিন্স। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও ন্যাথান লায়ন দুটি করে উইকেট শিকার করেন। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে নিক ম্যাডিনসন ১৭ ও ট্রাভিস হেড ১০ রানে অপরাজিত আছেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি