

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি. স.): কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এল মুরুগন। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদও ছেড়েছেন তিনি। তামিলনাড়ুতে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করতে পূর্ণ সময় দেওয়ার লক্ষ্যেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে নিজের রাজনৈতিক যাত্রার কথা উল্লেখ করেছেন মুরুগন। সাধারণ দিনমজুর পরিবারের সন্তান হিসেবে পথচলা শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়াকে তিনি বড় সম্মান হিসেবে বর্ণনা করেছেন। এবার দলের সাংগঠনিক কাজে আরও বেশি সময় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
তামিলনাড়ু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এল মুরুগন ২০২১ সালে প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বিতীয়বারও রাজ্যসভার সদস্য হন তিনি। মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করছিলেন মুরুগন। তাঁর সদস্যপদের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত থাকার কথা ছিল। তার আগেই মন্ত্রিত্ব ও রাজ্যসভার সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুতে দলের সাংগঠনিক ভিত মজবুত করা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ লক্ষ্য। সেই কাজেই এবার আরও বেশি সময় দিতে চান মুরুগন। মঙ্গলবার তাঁর পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য