
মুম্বই, ১৭ অক্টোবর (হি. স.): অভিনেত্রী কীর্তি সুরেশের জন্মদিন উপলক্ষে তাঁর আসন্ন সিরিজ আক্কা-র টিজার মুক্তি পেয়েছে। এই নেটফ্লিক্স সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করবেন কীর্তি সুরেশ এবং রাধিকা আপ্তে।
যশ রাজ ফিল্মস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই সিরিজটির প্রেক্ষাপট ১৯৮০-এর দশক, যেখানে নারী আধিপত্য, ক্ষমতার লড়াই এবং পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার গল্প তুলে ধরা হয়েছে। আক্কা আগামী ৩০ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
সিরিজটির প্রেক্ষাপট পেরানুরু নামের একটি কাল্পনিক রাজ্য, যেখানে ঐতিহ্য গভীরভাবে প্রোথিত এবং ক্ষমতার লড়াই অবিরাম। এখানকার শাসনব্যবস্থা সেই নারীদের কেন্দ্র করে আবর্তিত হয়, যারা প্রজন্ম ধরে এই রাজ্যকে গড়ে তুলেছেন, রক্ষা করেছেন এবং শাসন করেছেন। কীর্তি সুরেশ ভবানী এবং রাধিকা আপ্তে রুদ্রের চরিত্রে অভিনয় করবেন। দুজনের মধ্যকার দ্বন্দ্ব এবং পরিবর্তনশীল সম্পর্ক গল্পটিকে আকর্ষণীয় করে তুলবে।
আক্কা একটি নারীকেন্দ্রিক গ্যাংস্টার ড্রামা। এই সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন ধর্মরাজ শেঠি, এবং এর গল্পও তিনি লিখেছেন। সিরিজটি প্রসঙ্গে কীর্তি সুরেশ বলেন যে, তাঁর জন্মদিনে দর্শকদের ভালোবাসার মাঝে আক্কা-র টিজার মুক্তি পাওয়াটা তাঁর জন্য বিশেষ। ভবানী চরিত্রটি তাঁর অভিনীত অন্যতম অনন্য এবং স্মরণীয় একটি চরিত্র। রাধিকা আপতের সঙ্গে কাজ করাটাও ছিল এক দারুণ অভিজ্ঞতা। তিনি আরও বলেন যে, নেটফ্লিক্স এবং যশ রাজ ফিল্মস এন্টারটেইনমেন্টের সঙ্গে এটি তাঁর প্রথম সিরিজ, এবং গল্পের অনন্যতা তাঁকে আকৃষ্ট করেছে। দর্শকরা আগামী ৩০ অক্টোবর থেকে নেটফ্লিক্সে সিরিজটি দেখতে পারবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন