
মুম্বই, ১৮ অক্টোবর (হি. স.): অভিনেতা প্রভাসের বহু প্রতীক্ষিত সিনেমা স্পিরিট-এর মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমাতে প্রভাসের পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। সিনেমাটি এখন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী বছরের ২৯ অক্টোবর। পূর্বে সেটি আগামী বছরের ৫ মার্চ মুক্তির কথা থাকলেও, সিনেমাটির মুক্তি প্রায় আট মাস পিছিয়ে দেওয়া হয়েছে।
স্পিরিট-এর নতুন মুক্তির তারিখের ফলে, আগামী বছরের দিওয়ালির সময় বড় সিনেমাগুলোর মধ্যে বক্স অফিসে সংঘর্ষের সম্ভাবনা বেড়েছে। রণবীর কাপুরের রামায়ণ: পার্ট ২-ও ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সুতরাং, প্রেক্ষাগৃহে দুটি সিনেমা একযোগে মুক্তি দর্শকদের মনোযোগ আকর্ষণের জন্য প্রতিযোগিতা বাড়িয়ে দিতে পারে। তবে, দুটি সিনেমার মুক্তির পরিকল্পনায় আরও পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
এদিকে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা ১৮ অক্টোবর স্পিরিট ছবিতে প্রভাসের নতুন লুকের এক ঝলক শেয়ার করেছেন। এতে সিনেমাটি নিয়ে ভক্তদের উত্তেজনা আরও বেড়ে গেছে। এই ছবিতে প্রভাস এবং ভাঙ্গা প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন