
আরামবাগ, ১৮ অক্টোবর (হি.স.) :
উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন মণ্ডপের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো আরামবাগের মলয়পুরের বাসিন্দা পিয়ালী প্রামাণিকের অকালমৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। রোববার পিয়ালীর বাড়িতে উপস্থিত হয়ে তাঁর পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানান আরামবাগ মহকুমার তিন বিধায়ক।
আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার একযোগে মলয়পুরে পিয়ালী প্রামাণিকের বাসভবনে যান। তিন বিধায়ক শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই অপূরণীয় ক্ষতির মুখে দাঁড়িয়ে তাঁদের মানসিক সান্ত্বনা জানানোর চেষ্টা করেন। এই কঠিন সময়ে রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন যে সম্পূর্ণভাবে তাঁদের পাশে রয়েছে, সেই আশ্বাসের বার্তাও দেন তাঁরা।
আচমকা পরিবারের তরুণী মেয়েকে হারিয়ে দিশেহারা পিয়ালীর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। অত্যন্ত শোকাকুল পরিবেশে বিধায়কেরা নিহত পিয়ালী প্রামাণিকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার যেন এই মর্মান্তিক ট্র্যাজেডি সহ্য করার শক্তি পায়, তার জন্য প্রার্থনা ব্যক্ত করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA